লালপুরে নিখোঁজের চার দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
লালপুর (নাটোর) সংবাদদাতা নিখোঁজের চার দিন পর লালপুরে একটি ধানখেত থেকে বাবলী আক্তার (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আব্দুলপুর কদমতলা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার আব্দুলপুর কদমতলা এলাকার বাবু কুলির মেয়ে। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে ঈমনকে আটক করেছে। শিশুটি গত ১৯ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ ছিল। লালপুর থানার ওসি ফজলুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঈমনের ভাষ্যমতে ১৯ অক্টোবর সকালে হাসুয়া দিয়ে ঘাস কাটার সময় বাবলী তাকে বারবার বিরক্ত করায় সে হাসুয়া ছুড়লে সেটির আঘাতে বাবলীর মৃত্যু হয়। পরে সে তার বাবাকে সঙ্গে নিয়ে বাবলীর লাশ বস্তাবন্দি করে ধানখেতে ফেলে রাখে। লাশের ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাটোর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন
নাটোর প্রতিনিধি নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাসস-এর ফারাজী আহম্মদ রফিক বাবন সভাপতি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে প্রেসক্লাবের কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাটোর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী এবং জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে মতবিনিময়
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার ক্ষয়ক্ষতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি। পরে প্রতিমন্ত্রী বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, ওসি রাজু সরকার প্রমুখ।
শব্দদূষণ নিয়ন্ত্রণে কর্মশালা
স্টাফ রিপোর্টার, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র আওতায় শনিবার রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে কর্মশালার আয়োজন করা হয়। রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবির, রাজশাহী মেট্রেপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী প্রমুখ। কর্মশালায় জানানো হয়, ইতোমধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকাকে সিটি করপোরেশন ‘নীরব’ এলাকা ঘোষণা করেছে। পর্যায়ক্রমে শহরের সব গুরুত্বপূর্ণ অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানের এলাকাগুলোকে ‘নীরব’ এলাকা ঘোষণা করা হবে। ঐ সব এলাকায় কেউ হর্ন বাজাতে পারবে না।
পেঁয়াজ ও পাটবীজ উত্পাদনের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা খরিপ মৌসুমে সোনাতলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শনিবার দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এ কে এম মফিদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ প্রশিক্ষণ প্রদান করেন। একই দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে নাবি পাটবীজ উত্পাদনের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুমকিতে মাস্ক বিতরণ
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা দুমকি উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মাক্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। এতে বক্তব্য দেন প্রধান অতিথি দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুন-অর-রশীদ হাওলাদার, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন প্রমুখ।
কিডনি পাচার রোধে মতবিনিময়
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা কালাইয়ে কিডনি বিক্রি ও পাচার রোধকল্পে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাত্রাই উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন ফেরদৌস, কালাই থানার ওসি সেলিম মালিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভিন প্রমুখ।