অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের দাফন সম্পন্ন

সিলেট অফিস

সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর টানা তিনবারের সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের দীর্ঘকালীন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের (৮৬) দাফন সম্পন্ন হয়েছে।  রবিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে হযরত শাহজালাল মাজারসংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। গত শনিবার সিলেট নগরীর মেন্দিবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।

প্রধানমন্ত্রীর শোক

অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।