কুবির হল খুলছে বুধবার, সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর 

প্রায় ২০ মাস পর আগামীকাল ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবাসিক হলগুলো। এছাড়াও সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২ নভেম্বর থেকে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮১তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

রেজিস্ট্রার বলেন, সিন্ডিকেট সভায় আগামী ২ নভেম্বর হতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আর হলসমূহ ২৭ অক্টোবর হতে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ২৭ অক্টোবর থেকে হল খোলা ও ২৮ অক্টোবর অথবা ২ নভেম্বর থেকে ক্লাস শুরু করার সুপারিশ করা হয়। 

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে ৩ দফায় সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সশরীরে শুরু হওয়া পরীক্ষা এখনো চলমান রয়েছে।

ইত্তেফাক/এমএএম