ইবিতে পাখি রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাখিদের জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল গড়ে তুলতে গাছে গাছে হাঁড়ি বেঁধে পাখির বাসা স্থাপন কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য। 

রবিবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বট চত্বরে গাছে মাটির হাঁড়ি স্থাপনের মধ্যদিয়ে ব্যতিক্রমধর্মী এ কার্যক্রম শুরু করেন তারা। প্রথমদিনে বটচত্বর, লেকের ধারে, আমতলা, ডায়নাচত্বর ও প্রকৌশল ভবন পার্শ্ববর্তী এলাকাসহ বেশ কয়েক জায়গায় গাছে হাঁড়ি স্থাপন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও হাঁড়ি স্থাপন করা হবে বলে জানান আয়োজকরা।

সংগঠনের সভাপতি গণিত বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ইমন দৈনিক ইত্তেফাককে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসের পাখিদের বাসস্থান নিশ্চিত করা এবং সাধ্য অনুযায়ী প্রতি সপ্তাহে খাদ্য সরবরাহ করা। পাখিদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারলে প্রতি বছর বেশি বেশি অতিথি পাখি ক্যাম্পাসে আসবে। এছাড়া আমরা পশু-পাখিদের নিরাপত্তা নিশ্চিতে জনসচেতনতা তৈরি করতে চাই।

ইত্তেফাক/এমএএম