গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুর রউফ (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর ইউনিয়নের বামুনিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফায় গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আবদুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোড়গ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং বিপুল ভোটে তিনি নির্বাচিত হন।
সূত্রটি আরও জানায়, শুক্রবার সন্ধ্যায় আব্দুর রউফ লোকজনের সঙ্গে সাক্ষাত করতে লক্ষ্মীপুর বাজারে যান। তিনি লোকজনের সঙ্গে সাক্ষাত শেষে রাত সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বামুনিরপাড়া নামক স্থানে পৌঁছলে কতিপয় দূর্বৃত্ত তার পথরোধ করেন। এবং তারা লোহার রড দিয়ে তার মাথায় এলোপাথারি আঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি মারা যান। লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, তারা ঘটনাস্থলে আছেন। ঘটনাটি তদন্ত করে দেখছেন। নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয়ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের ভোট-গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১২০টি কেন্দ্রে ব্যালট ও একটি ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ হয়। এই ১৩টি ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।