বছর ঘুরে আবারো দরজায় কড়া নাড়ছে শীত। সময় এখন আলমারি থেকে লেপ-কম্বল, সোয়েটার, মাফলার, শাল, চাদর, কানটুপি, হাত মোজা ও পা মোজা বের করার।
প্রায় নয় বা দশ মাস আলমারিতে তুলে রাখা বা বাক্সে ভরে রাখার ফলে এই সব জামাকাপড় কুঁচকে যায়। এ ছাড়াও ভ্যাপসা গন্ধ, এমনকি ধুলার আস্তরণও পড়ে যায় অনেক সময়ে। আসছে শীতে এ সব গরম জামা, লেপ-কম্বলকে ব্যবহার করার আগে বিছু যত্নের প্রয়োজন। জেনে নিন কী করবেন।
উলের পোশাক
সোয়েটার, মাফলার বা উলের তৈরি যেকোনো জামাকাপড় পরার আগে ধুয়ে নিলে ভালো। এক্ষেত্রে লন্ড্রিতে না দিয়ে হালকা সাবানে উলের পোশাক ধুয়ে নেবেন স্বাভাবিক তাপমাত্রার পানিতে। এ সময় অন্য পোশাক একসঙ্গে ধুবেন না। গরম পানিতে ও কড়া ডিটারজেন্টে উলের পোশাক ভেজাবেন না। সাবধানে অল্প ঘষে অন্তত তিনবার পানি বদলে ধুয়ে নেবেন। বেশি নিংড়ানোর প্রয়োজন নেই, শুকনো পুরানো তোয়ালেতে মুড়ে শুষে নিন বাড়তি পানি। আর চড়া রোদে এই ধরনের জামাকাপড় শুকাতে দেবেন না, কারণ রঙ চটে যেতে পারে।
লেপ-কম্বল
লেপ যদি শিমুল তুলার হয়ে থাকে, তাহলে রোদে দিন। এতে লেপের উপর থাকা ধুলা পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে, তাহলে সেটি ধুয়ে দেবেন। এক সপ্তাহ পর পর লেপের কভার বদলে দেবেন। লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল হয়।
একই কথা কম্বলের ক্ষেত্রেও প্রযোজ্য। এটিও পরিষ্কার রাখা জরুরি। কম্বল যদি তুলার না হয়, তাহলে ধোয়া যেতে পারে। শ্যাম্পুতে মিনিট দশেক ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। ঝামেলা এড়াতে লন্ড্রিতেও দিয়ে দিতে পারেন। সেখান থেকেই ঝকঝকে করে পাঠাবে কম্বল।
অন্যান্য পোশাক
শাল, চাদর রোদে রাখলে পরে তা বেশ ফুরফুরে আমেজে পরা যায়। কানটুপি, মাফলার, হাত মোজা, পা মোজা এসব টুকিটাকি জিনিস ধুয়ে শুকিয়ে নেবেন। কোট ও লেদার জ্যাকেটের বেলায় তা লন্ড্রিতে দিয়ে আগে ভাগেই পরিষ্কার করিয়ে নিন যাতে হাতের নাগালেই পেয়ে যান শীতের সময়টাতে।
সবশেষ শীতের কাপড় নতুন করে ভাঁজ করে হাতে নাগালে পাওয়ার জন্য কাপড় রাখার তাক ঝেরে মুছে পরিষ্কার করে নবেন। যাতে শীতের সময়টি আপনি উপভোগ করতে পারেন নিজের মনের মতন করে।