মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া স্মৃতিপদক পেলেন সারা যাকের-তারিক আনামসহ চারজন

গত দুই বছর করোনা মহামারীতে স্থবির সময় কাটিয়ে এখন দেশের সংস্কৃতি অঙ্গন পুরোপুরি সচল। মহামারিকালে আটকে যাওয়া এই অঙ্গনের গুরুত্বপূর্ণ পদক ও সম্মাননা এখন দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার দেওয়া হলো থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক ২০২০ ও ২০২১।

২০২০ সালে মুনীর চৌধুরী সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা-নির্দেশক-সংগঠক সারা যাকেরকে। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দেওয়া হয়েছে দিনাজপুরের কৃতি নাট্যকার-নির্দেশক-প্রশিক্ষক সম্বিত সাহাকে।

২০২১ সালের মুনীর চৌধুরী সম্মাননা দেওযা হয়েছে অভিনেতা-নির্দেশক-সংগঠক তারিক আনাম খানকে। একই বছরের জাকারিয়া স্মৃতিপদক দেওয়া হয়েছে বর্তমান সময়ের নাট্যমঞ্চের আলোকিত মুখ অভিনেত্রী জ্যোতি সিনহাকে।

মুনীর চৌধুরী সম্মাননা হিসেবে পদকের পাশাপাশি দুইজনকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকে দুই শিল্পীকে পদকের পাশাপাশি দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং সভাপতিত্ব করেন থিয়েটার সভাপতি ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যন্ত্রসংগীত পরিবেশন করে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা।

করোনা মহামারির কারণে গত বছর এই পুরস্কার আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর এক সঙ্গে ২০২০ ও ২০২১ সালের পুরস্কার দেওয়া হলো।