সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে আইনজীবীর মাধ্যমে আবেদনটি করেছেন বগুড়া বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম। আবেদনে মহিউদ্দিন হেলাল নামে আরেকজন বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়।
বাদি পক্ষের আইনজীবী ও রাজশাহী বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিএনপি চেয়ারপার্সনের নাতনী ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। মহিউদ্দিন হেলাল নামের আরেকজন নিজের ফেসবুক লাইভে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য প্রচার করেন। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে তার মক্কেল একেএম সাইফুল ইসলাম মামলার আবেদন করেছেন। আদালত আবেদন গ্রহণ করে শুনানির দিন দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান ছুটিতে আছেন। তবে তিনি মামলার আবেদন গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে সোমবার (১৩ ডিসেম্বর) শুনানির দিন ধার্য করেছেন। শুনানির পর মামলা রেকর্ড করে তদন্ত করা হবে কি না তার আদেশ দিবেন বিচারক।
উল্লেখ্য, সম্প্রতি একটি ফেসবুক পেজের লাইভে খালেদা জিয়ার নাতনীকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে দুই বছর আগের তার একটি ফোনালাপ ফাঁস হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর জামালপুরের এই সংসদ সদস্যকে আওয়ামী লীগের স্থানীয় কমিটি থেকেও অব্যাহতি দেওয়া হয়।