দিনাজপুর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগ থেকে একটি নবজাতক শিশুকন্যা চুরির হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টা ৪৫ মিনিটে হাসপাতালে নবজাতক ওই শিশুটি জন্ম দেয় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাহাদানী গ্রামের আব্দুল লতিফের স্ত্রী প্রসুতি জাহেদা বেগম (৩৬)। এটি তার চতুর্থ সন্তান। এর আগে তার গর্ভে জন্ম নেয়া তিনটিই কন্যা সন্তান।
জাহেদার ভাই এরশাদ আলী জানান, তার বোনের প্রসব ব্যাথা উঠলে গত রোববার জাহেদাকে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার বোন জাহেদা একটি কন্যা সন্তান জন্ম দেন। এরপর দুপুরে দেড়টার পর হাসপাতাল থেকেই শিশুটি চুরি হয়ে যায়।
প্রসুতি জাহেদা (৩৬) জানান, সোমবার সকালে তিনি একটি শিশু কন্যা জন্ম দেন। দুপুরের পর তার প্রসাবের চাপ হলে নবজাতক শিশু কন্যাকে তার বোন হাজেরার কাছে রাখে। এ সময় অজ্ঞাত এক মহিলা হাজেরাকে বলে অসুস্থ বোনকে প্রসব করাতে নিয়ে যান। শিশু কন্যাকে আমাকে দেন। হাজেরা সরল বিশ্বাসে নবজাতক শিশু কন্যাকে ওই মহিলার কাছে দিয়ে প্রসুতি বোনকে প্রসব করাতে নিয়ে টয়লেটে নিয়ে যান। টয়লেট থেকে ফিরে এসে দেখেন ওই অজ্ঞাত মহিলাটি নবজাতক শিশুকে নিয়ে উধাও হয়ে গেছে। প্রসুতি মাতা জাহেদা বেগম তার নবজাতক শিশু কন্যাকে ফিরিয়ে দিতে চিৎকার করে কান্নাকাটি শুরু করলে নবজাতক শিশু কন্যা চুরির ঘটনা ফাঁস হয়ে পড়ে। এরপর অনেক খোজাখুজি করেও সন্তানটি না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পারভেজ সোহেল রানা জানান, বিষয়টি জানার পর পুলিশকে জানানো হয়েছে। পুলিশের বিভিন্ন টিম শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। হাসপাতালের সিসি ফুটেজ থেকে সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
কোতয়ালী থানার এস আই শামীম হক জানান, সোমবার সন্ধ্যায় শিশু চুরির বিষয়টি মোখিকভাবে জানার পর শিশুটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা শুরু করা হয়েছে।