নরসিংদীতে পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে নরসিংদী সদর থানার ব্রাহ্মণপাড়া ও উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া মহল্লার মো. হারুন মিয়ার ছেলে প্রিন্স আহমেদ (২২), মৃত হবিল মিয়ার ছেলে আসিফ মিয়া (২১) ও ব্রাহ্মণপাড়া (ঘোষপাড়া) এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে খায়রুল আহমেদ (২০)।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য র্যাবের একটি আভিযানিক দল ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী হারুন ও খায়রুলকে গ্রেফতার করা হয়।
অপরদিকে উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলভারসহ সন্ত্রাসী আসিফ মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলা রয়েছে।