পাখির নিরাপদ আবাসন দেখতে রাজশাহীতে যুক্তরাষ্ট্রের নাগরিক

পাখির নিরাপদ আবাসন দেখতে রাজশাহীতে গেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রেইগ ফুলস্টোন। তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস অ্যাম্বাসির ওয়াইল্ডলাইফ ট্রাফিকিং অ্যাডভাইজর।

রবিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল প্রাঙ্গণে শামুক খৈল পাখির কলোনি পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. নাসির উদ্দিনসহ রাজশাহী বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ড. নাসির বলেন, মূলত তিনি বাংলাদেশের এসেছেন এখানকার বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের আবাসন দেখতে। রামেকে গাছ কর্তনের কারণে শতাধিক পাখি মারা যাওয়ার ঘটনাটিও শুনেছিলেন। এরপর বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিবেশবাদীদের সংস্থা পাখিদের রক্ষায় এগিয়ে আসে। একই সঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তৎপরতায় এনিয়ে একটি মামলাও হয়। ফলে রামেকে শামুক খৈল পাখির আবাস ও অভয়ারণ্য সুনিশ্চিত হয়। মূলত এসব কিছু প্রত্যক্ষ করতেই তিনি রাজশাহীতে এসেছেন।