রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এক কর্মচারীকে প্রায় ১০ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ গত বুধবার রাত সাড়ে ১০টায় কামরুল ইসলাম নামের ঐ কর্মচারীকে উদ্ধার করে। পাউবোর নির্বাহী প্রকৌশলী শেখ সফিকুল ইসলামের দপ্তর থেকে তাকে উদ্ধার করা হয়।
নির্যাতনের শিকার কামরুল ইসলাম রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কামরুল নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম শেখ, সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী রিফাত করিম, ওবাইদুল হক ও উপ-সহকারী প্রকৌশলী মুকেশ কুমারকে আসামি করে বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছেন।
কামরুল সম্প্রতি পাউবোর নীলফামারীর ডালিয়া প্রকল্প থেকে রাজশাহীতে বদলি হয়ে আসেন। কামরুল ইসলামের বাড়ি নাটোরে।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, কামরুল ইসলামকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ওসি আরো জানান, একই দিন নির্বাহী প্রকৌশলী অধীনস্থ কর্মচারী কামরুল ইসলামের বিরুদ্ধে থানায় পালটা অভিযোগ দিয়েছেন। এতে তার গায়ে হাত তোলার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগও পুলিশ খতিয়ে দেখছে।