জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নবনির্মিত দুটি আবাসিক হল উদ্বোধন করা হয়েছে।
হল দুটির নাম 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল‘ ও 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় এ হলগুলো উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে। পরে সিট বরাদ্দ দেয়া ও চাবি হস্তান্তর করেন তিনি।
এসময় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে বলেন, নবনির্মিত হলের অভ্যন্তরে যে সংকট রয়েছে শৃঙ্খলার মাধ্যমে দ্রুততম সময়ে সেটিও নিরসন হবে। ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা দ্রুতই বৃদ্ধি করা হবে। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে সুরক্ষিত ক্যাম্পাস তৈরি করা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার, ছাত্র উপদেষ্টা ড. তপন কুমার সরকার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুদ হাওলাদার, বিভিন্ন অনুষদের ডিন, বঙ্গবন্ধু নীল দল ও শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।