রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের আবাসিক হল খোলা থাকবে।
মন্ত্রীপরিষদ বিভাগের সর্বশেষ সিদ্ধান্তের প্রেক্ষিতে শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস বলেন, ‘সকল অনুষদের সব লেভেলের চলমান বা অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে, তবে শনিবারের (২২ জানুয়ারি) পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। সশরীরে কোনো ক্লাস নয়, কোনো অনুষদ বা বিভাগ চাইলে শুধুমাত্র চলমান ক্লাসসমূহ অনলাইনে নিতে পারবে।
এক্ষেত্রে ৬ তারিখ পর্যন্ত নতুন রুটিনে নতুন কোনো সেমিস্টারের ক্লাস অনলাইনে হবে না। শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খোলা থাকবে।
পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, ‘অনলাইনে আমরা পরীক্ষা নিবো না, শিক্ষকরা মত দেননি। তাছাড়া অনলাইন পরীক্ষায় খাতা প্রিন্ট করা, মূল্যায়ন করা ঝামেলা।'