শেকৃবির এএসভিএম অনুষদের নতুন ডিন ড. কেবিএম সাইফুল

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:৫৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম।

রবিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলামকে এই দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

অফিস আদেশে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৫) এর উপ-ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ৩০ এপ্রিল হতে এএসভিএম অনুষদের ডিন হিসেবে পরবর্তী ২ বছরের জন্য তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে ওই অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন অ্যানিমেল নিউট্রিশন, জেনেটিকস অ্যান্ড ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. লাম-ইয়া আসাদ। গত ২৪ এপ্রিল তার দায়িত্বের মেয়াদ শেষ হয়।

ড. কেবিএম সাইফুল ২০১৩ সাল থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ২৩টি গবেষণা  প্রকাশিত হয়েছে।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন, 'এএসভিএম অনুষদকে নতুন আঙ্গিকে সাজাতে চাই। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে অনুষদের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখা। সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।'

ইত্তেফাক/এআই