সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

পূর্ব সুন্দরবনের দুবলারচরের রুপার খাল থেকে শুক্রবার (২৮ জানুয়ারি)  বিকেলে ভাসমান অবস্থায় একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার সকালে শরণখোলা রেঞ্জ সদরে বাঘটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা দুবলারচরের কাছে রুপার খালে একটি মৃত বাঘ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে বনরক্ষীরা বাঘটিকে উদ্ধার করে দুবলারচরে নিয়ে যান। উদ্ধার হওয়া বয়স্ক পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১৫/১৬ বছর।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন শুক্রবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, আগামীকাল শনিবার সকালে  বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানার জন্য শরণখোলা রেঞ্জ সদরে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।