বশেমুরবিপ্রবিতে শীগগিরই বঙ্গবন্ধু ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণ কাজ আগামী ১৫ দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন  বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাজও এবছরের মধ্যে শেষ হবে। 

এদিকে মুজিববর্ষকে সামনে রেখে গত বছরের সেপ্টেম্বরে বলা হয়েছিল, পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যেই ম্যুরাল নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বলেছেন, সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ দিনের মধ্যেই বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। 

অন্যদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের কাজও বর্তমানে বন্ধ রয়েছে৷ এখন পর্যন্ত শুধুমাত্র জিএলের কাজ সম্পন্ন হয়েছে। জানা যায়, শুরু থেকেই গেটের কাজ ধীরগতিতে চলছিল আর বর্তমানে এই কাজ পুরোপুরি বন্ধ। এ বিষয়ে উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বলেন, মেইন গেটের কনসাল্টিং ফার্মকে আগামী সপ্তাহে ডেকেছি। মেইন গেটের যে ইঞ্জিনিয়ার আছে তারা ফিনিশিং দিতে পারছে না। তবে আশা করি এ বছরের মধ্যেই মেইন গেটের কাজ শেষ হবে। আমার টার্গেট  জুনের মধ্যে মেইন গেটের কাজ শেষ করা। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের তৈরিকৃত কাজের অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, আরডিপিতে মেইন গেটের জন্য বরাদ্দ ছিল ২ কোটি ৩৮ লক্ষ টাকা এবং কাজী মাহবুবুর রহমান প্রায় ২ কোটি ১৪ লক্ষ টাকা মূল্যে দরপত্র ক্রয় করেন। পরবর্তীতে ২০২০ সালের ২৩ ডিসেম্বর কার্যাদেশ প্রদান করা হয়। প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ডিসেম্বর পর্যন্ত গেট নির্মাণের কাজে অগ্রগতি হয়েছে ২২ শতাংশ এবং জুলাই থেকে সেপ্টেম্বর থেকে পরবর্তী তিনমাসে অগ্রগতি হয়েছে মাত্র ৪ শতাংশ। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও ওয়ার্কস দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে অনুমোদনপ্রাপ্ত বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পে বঙ্গবন্ধুর ম্যুরালের জন্য বরাদ্দ ছিল ২ কোটি ৫০ লাখ টাকা। ২৪০ বর্গমিটার জায়গায় ২০১৭ সালের জুনের মধ্যে ম্যুরালটির নির্মাণ কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু ২০১৭ সাল পর্যন্ত ম্যুরালটির নির্মাণ কাজ শুরুই হয়নি। পরবর্তীতে কয়েক দফায় বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় এবং ২০১৮ সালে প্রকল্পটির বাজেট রিভাইজড করা হয়। রিভাইজড বাজেটে ২৪০ বর্গমিটার স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণের জন্য ১৫ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। তবে এরপর প্রায় দুই বছর পার হলেও এখন পর্যন্ত ম্যুরাল কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়নি।

প্রসঙ্গত, এর আগে বশেমুরবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের সময়ে বিশ্ববিদ্যালয়টিতে বঙ্গবন্ধুর ম্যুরালের কোনো ধরনের নির্মাণ কাজ শুরু না করেই দীর্ঘদিন যাবত নির্মাণাধীন দেখানো হয়েছিল। এমনকি কাগজে-কলমে নির্মাণ কাজের অগ্রগতি দেখানো হয়েছিল ১৬.১৯ শতাংশ এবং ব্যয় দেখানো হয়েছিল আড়াই কোটি টাকা।