যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে: পোল্যান্ড


পোল্যান্ডবাসীদের সঙ্গে নাৎসি জমানার অপরাধের যোগ থাকতে পারে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অধিকর্তা এমন আভাস দেওয়ার পর আমেরিকাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করছে পোল্যান্ড।
গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে এফবিআই অধিকর্তা জেমস কমি-র লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয় – সেই নিবন্ধের একটি মন্তব্য থেকেই এই বিতর্কের সূত্রপাত।
এফবিআই অধিকর্তা সেখানে হলোকস্ট বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদী-নিধন প্রসঙ্গে বলেছিলেন, ‘জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি বা আরও অনেক জায়গার হত্যাকারী ও তাদের সহযোগীরা মনে মনে বিশ্বাস করতেন তারা আদৌ খারাপ কিছু করছেন না!’
তিনি আরো লিখেছেন, ‘তারা নিজেদের এটাই বুঝিয়েছিলেন যে এটাই সঠিক কাজ, তাদের এটাই করতে হবে।’
এই বক্তব্য প্রকাশিত হওয়ার পরই পোল্যান্ডে প্রতিবাদের ঝড় ওঠে – পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রনিস্ল কোমোরোওস্কি বলেন এই ধরনের কথাবার্তা সঠিক তথ্য না-জানারই পরিচয় দেয়।
ঐতিহাসিকরাও স্বীকার করেন নাৎসিদের সঙ্গে খুব কম পোল্যান্ডবাসীই সহযোগী হিসেবে কাজ করেছেন।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও স্বীকার করেছেন নাৎসিদের অপরাধের জন্য পোল্যান্ডের লোকজনকে দায়ী করাটা একটি ‘অপমানকর ভুল’!
তবে তার পরও পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা মার্কিন রাষ্ট্রদূতকে সমন করে এফবিআই অধিকর্তা-র বক্তব্যের প্রতিবাদ জানাবে।
-বিবিসি