জাতিসংঘ মহাসচিব বান কি-মুন শরণার্থীদের বোঝা ভাগাভাগি করে নিতে রোববার বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ভূমধ্যসাগরে সর্বশেষ নৌযান ডুবির ঘটনায় ৭শ’র বেশী অভিবাসীর মৃত্যুর আশংকার পর তিনি এ আহ্বান জানালেন।
বান বলেন, লিবিয়া উপকূলে এ নৌযান ডুবির ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত।’ তিনি আরো জানান, গত সপ্তাহে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ দুর্ঘটনা।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়, এ সংকট মোকাবেলায় সংহতি এবং বোঝা ভাগাভাগি করে নেয়ার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ভূমধ্যসাগর অতিক্রম করার সময় এ বছর কমপক্ষে ১ হাজার ৬শ’ লোকের প্রাণহানি ঘটেছে। এতে আশ্রয় প্রার্থী ও অভিবাসীদের ব্যবহৃত এ নৌপথ বিশ্বের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ নৌপথে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের মাধ্যমে সমুদ্রে কেবলমাত্র উদ্ধার তৎপরতা জোরদার করলেই হবে না বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধের কারণে পালিয়ে যাওয়া লোকের সংখ্যা ক্রমেই বেড়ে যাওয়ায় তাদের আশ্রয়ের অধিকার নিশ্চিত করতে হবে।
দারিদ্র ও যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে অনেক লোক পালিয়ে যাওয়ায় ইউরোপের দেশগুলোকে অভিবাসীদের ঢল মোকাবেলা করতে হচ্ছে। সূত্র: এএফপি