জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে অস্ট্রেলিয়া ও ইরান গোয়েন্দা তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপের প্রথমবারের মতো ইরান সফরে দেশ দু’টির মধ্যে এই ঐকমত্য হয়। গত শনিবার ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের পর জুলিয়া বলেন, মতৈক্যটি আইএসকে মোকাবেলায় উভয় দেশকে সহায়তা করবে। তিনি আরো বলেন, ইরাকে ইরানি তত্পরতায় সংগৃহীত তথ্যে অস্ট্রেলিয়ার প্রবেশাধিকার থাকবে। জুলিয়া জানান, ইরানের সঙ্গে কিছু তথ্য আদান-প্রদানে অস্ট্রেলিয়া ২০১৪ সালে নজর দেয়া শুরু করে। তবে সেটা ছিল ‘অনানুষ্ঠানিক’। এদিকে বিপ্লবী গার্ড ‘কুদস বাহিনীর’ জেনারেল কাশেম সুলাইমানির নেতৃত্বে ইরানের সামরিক উপদেষ্টারা প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয়টি সমন্বয় করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে একশ’র মতো অস্ট্রেলীয় যোদ্ধা ইরাক ও সিরিয়ায় আইএসের পক্ষে যোগ দিয়েছে, যেটাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি’ মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এছাড়া অস্ট্রেলিয়ার অভ্যন্তরে আইএস সমর্থক এবং অন্যান্য চরমপন্থি গ্রুপগুলো নিয়ে দেশটিতে উদ্বেগ রয়েছে। আইএসের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে অল্প কয়েকদিন আগে সন্দেহভাজন পাঁচ তরুণকে গ্রেফতারও করেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনী।