জামায়াত-উত-দাওয়ার (জেইউডি) সংগঠনের প্রধান হাফিজ সাঈদ পেশোয়ারে একটি জনসভায় ‘ভারত পাকিস্তানের পয়লা নম্বর শত্রু’ আখ্যা দিয়ে ভারতের বিরুদ্ধে 'জিহাদ' জোরদার করার ঘোষণা দেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাকিস্তানের চ্যানেল ২৪-এ সাক্ষাৎকার দেওয়ার সময় সাঈদ বলেন, ‘তার দল কাশ্মীরে পাক সেনাকে সাহায্য করছে। ‘স্বাধীনতার দাবিতে লক্ষ লক্ষ কাশ্মীরি লড়ছেন। ভারত সরকার যদি এভাবে গুলি চালায়, আমরাও চুপ করে থাকব না, কড়া জবাব দেব।’
সাঈদ আরো বলেন, ‘কাশ্মীরে পাক সরকার ও সেনারা যেভাবে স্বাধীনতাকামী মানুষদের সাহায্যে লড়ছেন আমরা এর পূর্ণ সমর্থন করি। আমাদের কাছে এ এক জিহাদ।’
এর আগেও নিষিদ্ধ সংগঠনটির এই নেতা ‘পাকিস্তান আক্রমণের ছক কষছে ভারত’ এমন অভিযোগ করেন। এমনকি পেশোয়ারের স্কুলে নৃশংস তালিবানি হামলায় ১৫০ স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পিছনেও ভারতের হাত রয়েছে বলে দাবি করেন তিনি।