ঘুষ গ্রহণের অভিযোগে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ান-কু। এদিকে লি’র পদত্যাগপত্র প্রেসিডেন্ট পার্ক জিউন হাই গ্রহণ করবেন কিনা সে বিষয়ে তিনি এখনো কিছু জানাননি। খবর বিবিসির।
এ বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট। তবে প্রধানমন্ত্রীর প্রতি সহানুভূতি রয়েছে প্রেসিডেন্টের।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়নহাপ জানিয়েছে, এ কেলেঙ্কারির ‘পুঙ্খানুপুঙ্খতদন্তের’ আহ্বান জানিয়েছেন পার্ক। এদিকে ২০১৩ সালে প্রচারণা তহবিল থেকে অবৈধভাবে ৩ কোটি ওন (২৭,৭০০ ডলার) অর্থ আত্মসাত করার অভিযোগ অস্বীকার করেছেন লি। কিন্তু এ ঘটনায় তার ওপর পদত্যাগ করার চাপ আসে। দেশটির আইন অনুযায়ী কোন রাজনীতিবিদ ১ লাখের বেশি ওন গ্রহণ করতে পারবেন না।
এ মাসের প্রথমদিকে ব্যবসায়ী সাং ওয়ান-জংয়ের রহস্যজনক আত্মহত্যার ঘটনায় এ কেলেঙ্কারির কথা ফাঁস হয়ে যায়। রাজনীতিবিদদের ঘুষ দিতে কোম্পানির টাকা আত্মসাৎ করার অভিযোগে ঐ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া তদন্ত কর্মকর্তারা সাং এর পকেট থেকে একটি নোট উদ্ধার করে, যাতে প্রধানমন্ত্রী লিসহ অন্যান্য নেতাদের নামের তালিকা ছিল। এ থেকে ধারণা করা হয়, সাং তাদেরকে টাকা দিয়েছিলেন। অন্যদিকে এ ঘটনা ফ৭াস হওয়ার পর লি’এর অভিশংসনের আহ্বান জানায় দেশটির বিরোধী দল। লি’র পদত্যাগের বিষয়ে পার্ক এক লিখিত বক্তব্যে বলেছেন, এটি একটি অনুশোচনীয় ঘটনা। আমি প্রধানমন্ত্রীর নিদারুণ মানসিক যন্ত্রণার জায়গাটি অনুভব করতে পারছি।