অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে শক্তিশালী ঝড়ের আঘাতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিডনির উত্তরে ডুনগগ শহরে বন্যা আঘাত হেনেছে। সেখানে দুইজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার ঝড় আঘাত হানার সময় থেকে সিডনি ও নিউ সাউথ ওয়েলসের দুই লাখ ১৫ হাজার ঘর-বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কিছু কিছু স্থানে বাতাসের গতি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। মানুষ গাড়ি ও বাড়ি এবং ছাদে আটকা পড়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি কার্নিভাল প্রমোদ তরী সিডটি হার্বারের বাইরে সাগরে আটকা পড়েছে এবং অনেক ফ্লাইট স্থগিত করা হয়েছে।