ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে লাগাতার বিমান হামলার মধ্যেই দেশটির উপকূলে বিমান ও ক্ষেপণাস্ত্রবাহী দুটি রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
এই দুইটি রণতরী ওই ইয়েমেন উপকূলে আগে থেকেই মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের নৌবহরে যুক্ত হবে। রণতরী দুইটি ইতিমধ্যে উপসাগরীয় এলাকা থেকে রওনা হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযোগ রয়েছে হুতি বিদ্রোহীদের সহযোগিতা করার জন্য ইরান থেকে অস্ত্রের চালান ইয়েমেন পাঠানো হচ্ছে। তবে এরকম কোন অস্ত্রের চালান ঠেকাতে এসব রণতরী পাঠানো হচ্ছে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র। নৌবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি ও জাহাজ চলাচল পথ উন্মুক্ত ও নিরাপদ রাখতে রণতরীর উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। সূত্র: রয়টার্স