ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা বন্ধের ঘোষণা


ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় জোট। শিয়া হুতি বিদ্রোহীদের দমনে গত চার সপ্তাহ ধরে বিমান হামলা চালানোর পর মঙ্গলবার তা বন্ধের ঘোষণা দেয়া হয়।
যুক্তরাষ্ট্র সৌদি জোটের এই পদক্ষেপকে স্বাগত এবং সংকট নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছে।
এদিকে সৌদি জোট বিমান হামলার সফলতা দাবি করলেও ইয়েমেনের রাজধানী সানা এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীতেও প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদির অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে।
সৌদি জোট বলছে, সংকট সমাধানে তারা রাজনৈতিক পথে অগ্রসর হলেও প্রয়োজনে বিমান হামলা যে কোন সময় শুরু করা হবে।
ইরান বিমান হামলা বন্ধের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি সংকট সমাধানে এক ধরনের অগ্রগতি। তবে এ বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।
সৌদি আরবে নির্বাসিত ইয়েমেনের প্রেসিডেন্ট হাদি এক টেলিভিশন বক্তৃতায় জয়ের অঙ্গীকার করে বলেছেন, আমরা শিগগিরই আমাদের নিজ ভূমি এডেন ও সানায় ফিরে যাবো।
এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিমান হামলার মাধ্যমে হুতি বিদ্রোহীদের হুমকি সফলভাবে মোকাবেলা সম্ভব হয়েছে।
হোয়াইট হাউজ বলছে, তারা বিমান হামলা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। একই সঙ্গে তারা সংকট সমাধানে আলোচনারও আহ্বান জানিয়েছে।
মার্কিন বিমানবাহী জাহাজ আরব সাগরে যাওয়ার প্রেক্ষিতে বিমান হামলা বন্ধের ঘোষণা দিল সৌদি জোট। ওয়াশিংটন বলছে, যে সব ইরানী জাহাজ অস্ত্র বহন করছে বলে সন্দেহ করা হচ্ছে, সেসব তারা এখন পর্যবেক্ষণ করতে পারছে। উল্লেখ্য, ওয়াশিংটনসহ অন্যান্যরা অভিযোগ করছে, ইরান হুতি বিদ্রোহীদের মদদ দিচ্ছে।
এদিকে উপসাগরীয় জোটের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের সংকট সমাধানে তাদের পরবর্তী পদক্ষেপ রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা।
-বাসস।