ভারতের বিহারের শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে ৩২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। মঙ্গলবার রাতের এই ঝড়ে রাজ্যটির তিন জেলায় হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস এবং ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখ্য সচিব ভিয়াসজি সাংবাদিকদের জানান, পুর্নিয়া জেলা থেকে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ে মাধিপুরায় ছয় জন ও মধুবানিতে এক জনের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, ঝড়ের ফলে এসব জেলার রাস্তার ওপর গাছ-পালা উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
পুর্নিয়া, মাধিপুরা, সাহারসা, মধুবানি, সমস্তিপুর ও দ্বারভাঙ্গায় ঝড়ের আঘাতে হাজার হাজার গাছ উপড়ে গেছে। এছাড়াও জেলাগুলোর অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাটনায় ভারতের আবহাওয়া বিভাগের পরিচালক জানান, ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৬৫ কিলোমিটার।
ঝড়টি নেপাল থেকে ধেয়ে আসে বলেও জানান ওই আবহাওয়া কর্মকর্তা। সূত্র: বিবিসি
ঝড়টি নেপাল থেকে ধেয়ে আসে বলেও জানান ওই আবহাওয়া কর্মকর্তা। সূত্র: বিবিসি