পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির আলোচনা শুরু হচ্ছে। দেশটির সঙ্গে সমঝোতার তিন সপ্তাহ পর পুনরায় এই আলোচনা গতকাল বুধবার শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে অস্ট্রিয়ার ভিয়েনায় আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। খবর এনডিটিভি’র।
চূড়ান্ত চুক্তি হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ৩৫ বছরের শত্রুতার সম্পর্কের অবসান হবে। ইরান তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসলে ছয় আন্তর্জাতিক বিশ্ব দেশটির ওপর আরোপ করা অবরোধ প্রত্যাহার করবে। আলোচনায় ছয় বিশ্ব শক্তির পক্ষে প্রতিনিধিত্ব করবেন ইউরোপীয় ইউনিয়নের হেলগা স্কিমিড। আর কারিগরি বিশেষজ্ঞ হিসেবে তেহরান এবং ছয় বিশ্ব শক্তির পক্ষে নেতৃত্ব দেবেন ইরানের আব্বাস আরাগচি। পরে মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান যোগ দেবেন। গত ২ এপ্রিল সুইজারল্যান্ডের লুসানে সমঝোতা হয়।