যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় গুলি চালানোর অভিযোগে এক নারীকে তিন থেকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। অর্ডার দেয়ার পর দুই দুইবার শুকরের মাংস ছাড়া হ্যামবার্গার সরবরাহ করায় রেগে গিয়ে তিনি গুলি করেন। বুধবার স্থানীয় গণমাধ্যমে এই কথা বলা হয়। খবর: এএফপির।
মঙ্গলবার এক বিচারক তাকে তিন থেকে সাত বছর কারাদণ্ডাদেশ প্রদান করেন।
শানেকা মনিক টোরেস (৩০) নামের ঐ নারীকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে মার্চ মাসে দোষী সাব্যস্ত করা হয়।
এবিসি’র অঙ্গসংস্থা ডব্লিউজেডজেডএম জানায়, তিনি ম্যাকডোনাল্ড ভবনে গুলি চালান।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে টোরেস তার এক বন্ধুর সঙ্গে গাড়ি চালিয়ে ম্যাকডোনাল্ড রেস্তোরায় আসেন। তিনি গাড়িতে বসেই শুকরের মাংসের চিজবার্গার অর্ডার দেন। কিন্তু বার্গারটিতে কোন শুকরের মাংস ছিল না। ম্যানেজার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিনামূল্যে তাকে খাবারের প্রস্তাব দেন ।
টোরেস কয়েক ঘণ্টা পর আবার রেস্তোরাঁয় ফিরে আসেন এবং আবার তাকে একটি বার্গার দেয়া হয়। তবে এতেও শুকরের মাংস ছিল না। এতে তিনি ক্ষিপ্ত হয়ে রেস্তোরার কর্মী ও ভবনটির চারপাশ লক্ষ্য করে গুলি চালায়। ঐ ঘটনায় কেউ হতাহত না হলেও তার গাড়ির কাচ ভেঙে যায়। তাকে ৩০ মিনিট পর রেস্তোরাঁ থেকে প্রায় এক মাইল দূরে গ্রেফতার করা হয়।