যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সাবেক কমান্ডার ও সিআইএ প্রধান ডেভিড পেত্রাউস’কে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের দায়ে ১০ লাখ ডলার জরিমানা করেছে উত্তর ক্যারোলিনার একটি আদালত। এছাড়াও দুই বছর তাকে 'প্রবেশন' সময় পার করতে হবে। এসময় নির্ধারিত কর্তৃপক্ষের কাছে তাকে নিয়মিত হাজিরা দিতে হবে।
বৃহস্পতিবার আদালতে দোষ স্বীকারের পর তাকে এই দণ্ডাদেশ দেয় আদালত। এসময় তিনি বিধি বহির্ভূতভাবে তার প্রেমিকার কাছে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগ স্বীকার করে নেন।
২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি পলা ব্রডওয়েল নামের একজন নারীর সাথে সম্পর্কে জড়ান। এসময় ডেভিড পেত্রাউসের জীবনী লেখার কাজ করছিলেন তার প্রেমিকা। সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ায় ২০১২ সালের মাঝামাঝি সময়ে তাকে সিআইএ প্রধানের পদ ছাড়তে হয়।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে আরো কঠোর সাজা ভোগ করতে হয়। এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাটির একজন বিশ্লেষক গোপন তথ্য ফাঁস করে দেয়ায় আদালত তাকে ৩০ মাসের কারাদণ্ড দেয়। সিআইএ জেরা করার সময় নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এমন তথ্য তিনি ফাঁস করে দিয়েছিলেন। সূত্র: সিএনএন