সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর লাগাতার বিমান হামলার মুখে ইয়েমেনগামী একটি ইরানী নৌবহর ফিরে গেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বরাত দিয়ে খবরটি জানিয়েছে রয়টার্স। অভিযোগ উঠেছিল ইরানী ওই নৌবহর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিল। এই নৌবহরকে ইয়েমেনে পৌঁছানো থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরীসহ দু'টি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ইয়েমেনের নিকটবর্তী সাগরে।
ইয়েমেনের এই লড়াই গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে সিয়া-সুন্নি বিরোধে ইন্ধন দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এমনকি আশঙ্কা করা হচ্ছে লাড়াই দীর্ঘায়িত হলে ইয়েমেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে।
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইরান তাদের ঘোষিত নৌ অবরোধ অমান্য করে দেশটির উপকূলে জাহাজ ভেড়ানোর চেষ্টা করছে। এসময় তিনি ইয়েমেন সংঘাতের জন্য ইরানকে দায়ী করে বলেন, হুতিরা এই অঞ্চলে ইরানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
তবে হুতিদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ অস্বীকার করেছে ইরান। এএফপি