প্রেসিডেন্টকে আম ছুঁড়ে নতুন বাড়ি!

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক নারী একটি আম ছুঁড়ে মেরেছিলেন। বিনিময়ে তিনি পেয়েছেন একটি নতুন বাড়ি। প্রেসিডেন্ট নিজেই নাকি তাকে ডেকে বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন।
 

এ ঘটনায় প্রেসিডেন্ট মাদুরোর  প্রশংসায় পঞ্চমুখ অনেকে। কিন্তু এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতুকেরও অভাব হচ্ছে না। একজন তো লিখেছেন, আম ছুঁড়লে যদি বাড়ি পাওয়া যায় তাহলে আপেল ছুঁড়লে তো আরো বড় কিছু পাওয়া যাবে নিশ্চয়ই। আরেকজন মন্তব্য করেছেন, আমের মজুদ শেষ হওয়ার আগেই লাইনে দাঁড়ান। গত সপ্তাহে ৫২ বছর বয়সী মাদুরো যখন ভিড়ের মধ্যে বাস চালাচ্ছিলেন তখন মারলেনি অলিভো তার মাথা লক্ষ্য করে আম ছুঁড়ে মারেন। আমে নিজের নাম এবং মোবাইল নাম্বার লিখে দেন। আরো লেখেন, ‘পারলে আমাকে ফোন করবেন’। আর সত্যিই ফোন আসে তার কাছে। প্রেসিডেন্ট জানতে পারেন মারলেনি অলিভোর কোনো বাড়ি নাই। তাই তিনি তাকে একটি অ্যাপার্টমেন্ট নেয়ার প্রস্তাব দেন। আর সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেন মারলেনি। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভাল না। আর তাই প্রেসিডেন্টের উপর ক্ষুব্ধ অনেকেই। -সূত্র রয়টার্স।