ভূমিকম্পে নেপালের বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস

 
ভূমিকম্পের কারণে নেপালে বহু মানুষ হতাহতের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়ে গেছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
তবে ঠিক কি পরিমাণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়েছে তা জানা যায়নি। তবে কাঠমান্ডু উপত্যকায় বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকায় যে কয়টি স্থান রয়েছে তার মধ্যে তিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
IMG0
 
নেপালের অন্যতম সুরক্ষিত পুরাতন শহর বখতপুরের অর্ধেকের বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।
 
শহরের পুরাতন মন্দির গুলোর ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাজধানী কাঠমান্ডুর সুউচ্চ ধারাহারা টাওয়ার ধসে পড়েছে।
 
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকায় থাকা নেপালের দারবার স্কয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে। বখতপুরের প্রধান মন্দিরের ছাদ ধসে পরেছে। ১৬শ শতাব্দীর দুর্গা টেম্পল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শম্ভুনাথ এবং বুদ্ধনাথ বৌদ্ধ মন্দির ও পুস্পানাথ হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
বহু পুরনো এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবারো মেরামত বা গড়ে তোলা সম্ভব হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। তবে ইতিহাসবিদ পুরুষোত্তম লোচান শ্রেষ্ঠা একান্তিপুর নামে একটি ওয়েবসাইটকে বলেছেন ধ্বংসপ্রাপ্ত এই নিদর্শনগুলো ‘প্রকৃত’ আকার দেয়া সম্ভব হবে না।
 
এদিকে নেপালের কর্তৃপক্ষ বলছে, আজ সকাল ১০টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে তিন হাজার ২১৮ জন। শনিবার ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।