নেপালে যাচ্ছে মার্কিন সাহায্যকারী দল


ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে জরুরী সহায়তা দিতে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমানে যুক্তরাষ্ট্রের একদল সাহায্যকর্মী ও উদ্ধারকারী কুকুর দেশটিতে যাচ্ছে।


মার্কিন সামরিক বাহিনী জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ১১ টা ১৮ মিনিটে মার্কিন সাহায্যকর্মী ও উদ্ধারকারী কুকুর নিয়ে যুক্তরাষ্ট্রের সি-১৭ গ্লোবমাস্টার বিমান ডিলাওয়ারের ডোভার বিমান বাহিনীর ঘাঁটি ত্যাগ করে।


পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, ‘বিমানটিতে ৪৫ মেট্রিক টন মালামাল এবং ইউএসএইড ডিজেস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম (ডার্ট), ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ ও রেসকিউ টিম এবং বেশ কয়েকজন সাংবাদিকসহ ৭০ জন সাহায্যকর্মী রয়েছেন।’


ইউএসএইডের এক মহিলা মুখপাত্র জানান, সাহায্যকর্মীদের সহায়তা করতেই প্রধানত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে।


তিনি বলেন, ‘আমরা বর্তমানে অতিরিক্ত চালান বিশেষ করে জরুরী আশ্রয় সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’ তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ওইসব সামগ্রী যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হবে।


নেপালে বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর ২৬ সদস্য ও একটি সি-১৩০ পরিবহণ বিমান রয়েছে। মার্কিন সৈন্যরা সেখানে একটি পূর্ব নির্ধারিত প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবেন।


সংশ্লিষ্ট কর্মকতারা জানান, ভূমিকম্পে মার্কিন সামরিক বাহিনীর কোন সদস্য নিখোঁজ হননি।


এদিকে লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের (এলএসিওএফডি) সদস্যরাও নেপালে যাচ্ছেন। এক টুইটার বার্তায় বলা হয়েছে, ৫৭ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স কাজ করছে এবং নেপালে পাঠানো হচ্ছে।