আগামী সপ্তাহে চীন সফরে যাবেন মোদি

 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে চীন সফর করবেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও নয়াদিল্লী বেইজিংয়ের সাথে বাণিজ্য ঘাটতিতে ভারসাম্য আনার চেষ্টা করছে। খবর: এএফপির।
 
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মত চীন সফর করতে যাচ্ছেন মোদি।
 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মোদি আগামী ১৪ মে বৃহস্পতিবার তিন দিনের সফরে চীন আসছেন।
 
এর আগে গত সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফর করেছিলেন। সে সময় উভয় নেতা রেলওয়ে খাতে অর্থায়নের মত বাণিজ্য চুক্তি ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছিলেন।
 
ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যবসায়ী অংশীদার হল চীন। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় সাত হাজার কোটি মার্কিন ডলার। চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ২০০১-০২ সালে ছিল মাত্র একশ কোটি ডলার। তা এখন বেড়ে হয়েছে চার হাজার কোটি মার্কিন ডলার।
 
বিশেষজ্ঞদের ধারণা, চীনের বাজারে অবাধ প্রবেশের সুযোগ চেয়ে মোদি এই ঘাটতির লাগাম টেনে ধরার চেষ্টা করবেন। উভয় দেশ চলতি বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার নির্ধারণ করেছে।