শনিবার মস্কো যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ প্রতিষ্ঠা ও ফ্যাসিস্ট বিরোধী যুদ্ধ জয়ের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার মস্কো যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।  সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি পোল্যান্ড ও ইউক্রেন সফর করবেন বলে জানিয়েছেন জাতিসংঘের একজন মুখপাত্র। 
 
সোমবার জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক প্রাত্যহিক নিউজ ব্রিফিংয়ে বলেন, মহাসচিবের সফরসঙ্গী হিসেবে থাকছেন ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা। 
 
মুখপাত্র জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০তম বার্ষিকী উদযাপনে মস্কো যাওয়ার পথে জাতিসংঘ মহাসচিব ৭মে পোল্যান্ডে যাত্রাবিরতি করবেন। এসময় তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রোনিসলো কোমরোস্কি ও অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। 
 
এছাড়া শুক্রবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করবেন এবং প্রেসিডেন্ট পেট্ট্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি রাশিয়া যাবেন এবং সেখানে তিনি জাতিসংঘ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ১০ মে জাতিসংঘ মহাসচিব নিউইয়র্ক ফিরবেন বলে জানান ওই মুখপাত্র।