ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশ ইস্যু

একদিন বাদেই ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচন। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতৃবৃন্দ ভোটারদের মন জয় করতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ক্ষমতাসীন রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশব্যাপী ৩৬ ঘন্টার একটি সফর শুরু করেছেন। সারা রাত ধরে তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন। প্রচারণায় ব্যস্ত লেবার নেতা এড মিলিব্যান্ডও। তবে এখন পর্যন্ত জনমত জরিপে দেখা যাচ্ছে নির্বাচনে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। সে হিসেবে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো জোট সরকার গঠনে দীর্ঘ আলোচনার জন্যও প্রস্তুত রয়েছে। খবর:বিবিসি।

 
এদিকে, এই নির্বাচনে বেশ ক’জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিদের একটা অংশ বাংলাদেশের রাজনীতির নেতিবাচক অনেক বিষয় দিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে বলে শোনা যাচ্ছে।
 
বিবিসি বাংলার এক খবরে বলা হয়, টিউলিপ সিদ্দিক বেশ সতর্কতার সাথে বাংলাদেশের রাজনীতির বিষয় এড়িয়ে যাচ্ছেন। তিনি তার আসনের ভোটারদের ইস্যু নিয়েই প্রচারণা চালাচ্ছেন। তবে বাংলাদেশের রাজনীতি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রচারণা এই নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসনে লেবার পাটির প্রার্থী।
 

ব্রিটেনের এবারের নির্বাচনে প্রধান তিনটি দল থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন। এর মধ্যে লেবার পার্টি থেকে সাতজন, লিবারেল ডেমোক্র্যাটস (লিবডেম) থেকে তিনজন ও কনজারভেটিভ পার্টি থেকে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রিটেনে এতো সংখ্যক বাংলাদেশির প্রতিদ্বন্দ্বিতার ঘটনা এবারই প্রথম। যে কারণে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নির্বাচন নিয়ে নতুন উন্মাদনা কাজ করছে।