বাল্টিমোর ও ফার্গুসনে অস্থিরতার কারণ অসমতা :ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাল্টিমোর ও ফার্গুসনে অস্থিরতার জন্য দায়ী অসমতা। বর্ণবাদের ফেলে যাওয়া প্রভাবই দিনে দিনে বিরাট আকার ধারণ করেছে যা কিনা আবারো অসমতা তৈরি করেছে। সপ্তাহ জুড়ে বাল্টিমোরে দাঙ্গার প্রেক্ষিতে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন। খবর রয়টার্স’র।

 
ডেভিড লেটারম্যানের সাথে লেট শো’র চূড়ান্ত ইপিসোডে কথা বলার সময় বারাক ওবামা বলেন, আমেরিকার ইতিহাসের দাস প্রথা, জিম ক্রো আইন এবং বৈষম্যই সংখ্যালঘু সম্প্রদায়কে পিছিয়ে রেখেছে। বর্ণবাদ আমাদের অতীতের অংশ হলেও বর্ণবাদের জন্য আমরা সবাইকে দায়ী করতে পারি না। আমরা যদি আমাদের এই অতীতকে পেছনে ফেলে রেখে আসতে চাই তাহলে এর জন্য আমাদের সবাইকে আরো একটু বেশি প্রচেষ্টা চালাতে হবে।
 
এদিকে দাঙ্গা বিক্ষুব্ধ বাল্টিমোরের মেয়র স্টেফানি রাওলিংস-বেন্টক রবিবার শহরের কারফিউ প্রত্যাহার করেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, শহর জুড়ে কারফিউ জারির নির্দেশ আমি প্রত্যাহার করে নিচ্ছি। এ মুহূর্ত থেকেই তা কার্যকর হচ্ছে।
 

গত ১৯ এপ্রিল পুলিশি হেফাজতে আহত কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাল্টিমোরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ সহিংসতার মুখে গত মঙ্গলবার এক সপ্তাহের কারফিউ জারি করে কর্তৃপক্ষ।