কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো আগামী রবিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার হলি সি’র মুখপাত্র ফেডারিকো লমবার্ডি এক বিবৃতিতে এই তথ্য জানান। খবর: এএফপির।
বিবৃতিতে বলা হয়, রাউল ক্যাস্ট্রো রবিবার সকালে পোপের সঙ্গে একান্ত বৈঠক করবেন।
গত মাসে ভ্যাটিকান ঘোষণা করেন, আর্জেন্টিনার বংশোদ্ভূত পোপ সেপ্টেম্বরে কিউবা যাবেন। তৃতীয় পোপ হিসেবে তিনি এই সফর করবেন। এর আগে ১৯৮৮ সালে দ্বিতীয় জন পল ও ২০১২ সালে ষোড়শ বেনেডিক্ট কিউবা সফর করেন।
পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্রে নির্ধারিত সফরের পর সেপ্টেম্বরে কিউবা যাবেন।
পোপ ফ্রান্সিস সেপ্টেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে তার নির্ধারিত সফরে যাবেন। সেখানে তিনি ফিলাডেলফিয়ায় একটি ক্যাথলিক গির্জায় প্রার্থনা সভায় অংশ নেবেন। সফরকালে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সামনে ভাষণ দেবেন। তিনি প্রথম পোপ হিসেবে মার্কিন কংগ্রেসেও বক্তৃতা করবেন। পোপ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন।