ব্রিটেনে কনজারভেটিভ দলের নেতা ডেভিড ক্যামেরন ৫ বছর মেয়াদে আবারও প্রধানমন্ত্রী হলেন। সাধারণ নির্বাচনে তার দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ক্যামেরন বলেছেন, কয়েক প্রজন্মের মধ্যে এটা কনজারভেটিভদের জন্য 'মধুরতম বিজয়'। তিনি সবস্তরের মানুষের প্রতিনিধিত্ব করার এবং ব্রিটেনকে অখণ্ড রাখার অঙ্গীকার করেন। খবর বিবিসি’র।
এই নির্বাচনে দেশের উত্তরে স্কটল্যান্ডের স্বাধীনতাপন্থী স্কটিশ ন্যাশানাল পার্টি ৫৯টি আসনের মধ্যে ৫৬ টিতেই জয়ী হয়েছে।
প্রধান বিরোধী দল লেবার পার্টি যাদের একটা শক্ত ঘাঁটি ছিল স্কটল্যান্ড, সেই স্কটল্যান্ডে দলের ভরাডুবি হয়েছে। লেবার পার্টি ইংল্যান্ডেও নতুন আসনে জিততে ব্যর্থ হয়েছে।
IMG0
লেবার নেতা এড মিলিব্যান্ড নির্বাচনে দলের পারফর্মেন্সের জন্য সব দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন।
পদত্যাগের ঘোষণা দেয়ার আগে টুইটারে তিনি বলেন, দলের খারাপ ফলাফলের জন্য তিনি দায়িত্ব নিচ্ছেন।
লিবারেল ডেমোক্রাট দলেরও এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। তাদের নেতা নিক ক্লেগও পদত্যাগ করেছেন।