২০ বছরের মেরি ব্ল্যাক ব্রিটিশ এমপি

 

মাত্র ২০ বছর বয়সে ব্রিটেনের রাজনীতিতে চমক দেখালেন মেরি ব্ল্যাক।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষার্থী স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিয়ে লেবার দলের হেভিওয়েট প্রার্থী ডগলাস আলেক্সান্ডারকে পাঁচ হাজার ৭৮০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে গত সাড়ে তিনশ' বছরের মধ্যে তিনি কনিষ্ঠতম পার্লামেন্ট সদস্য।

 

মেরি ব্লাকের এই বিজয়কে স্কটিশ জাতীয়তাবাদের উত্থানের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে বাসকারী একটি লেবার পার্টির সমর্থক পরিবারে বেড়ে উঠেছেন। পড়ছেন  গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ বর্ষে। ইরাক যুদ্ধের নিষ্ঠুরতা তার মনে গভীর দাগ কাটে। তার পরই জড়িয়ে পড়েন যুদ্ধ বিরোধী আন্দোলনে। স্কটল্যান্ডের মানুষের মধ্যে বৈষম্য দেখে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে যোগ দেন সক্রিয় রাজনীতিতে।


বিবিসি অনলাইনের খবরে প্রকাশ, এর আগে ১৬৬৭ সালে মাত্র ১৩ বছর বয়সে নির্বাচিত হয়েছিলেন একজন এমপি। আর তার ৩৪৮ বছর পর হাউস অব কমন্সে যায়গা করে নিলেন ২০ বছর বয়সী মারি ব্ল্যাক। সূত্র: রয়টার্স