একজন ২০ বছর বয়স্ক ছাত্রী, ডেনমার্কের প্রধানমন্ত্রীর স্বামী বা বাংলাদেশের স্থপতির নাতনি। বৃহস্পতিবারের সংসদ নির্বাচন ব্রিটেনকে এমন বেশ কয়েকজন ব্যতিক্রমী সদস্য এনে দিয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন চারজনের কথা তুলে ধরা হয়েছে।
মাড়ি ব্ল্যাক, স্কটিশ ন্যাশনাল পার্টি
বিশ বছর বয়সে সংসদ সদস্য। স্কটিশ ন্যাশনাল পার্টির মাড়ি ব্ল্যাক ৩৫০ বছরের মধ্যে ব্রিটেনের সব চেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য হলেন। এই ২০ বছর বয়স্ক বিশ্ববিদ্যালয় ছাত্রী এখন গ্লাসগো শহরের দক্ষিণে পেইসলি এবং রেনফ্রিশায়ার নির্বাচনী আসনের প্রতিনিধি। সংসদ নির্বাচনে প্রার্থী হবার জন্য নূন্যতম বয়স ২০০৬ সালে ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়। এর আগে সব চেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন আলবেমার্ল-এর ডিউক ক্রিস্টোফার মঙ্ক। যিনি ১৬৬৭ সালে মাত্র ১৩ বছর বয়সে হাউস অফ কমন্সে আসন গ্রহণ করেন। মাড়ি ব্ল্যাক বব ডেলান এবং দ্য স্পাইস গার্লস-এর গান পছন্দ করেন। তিনি লেবার পার্টির সব চেয়ে নামী নেতাদের অন্যতম, পররাষ্ট্র বিষয়ে দলের মুখপাত্র ডগলাস আলেকজান্ডারকে পরাজিত করেন।
স্টিফেন কিনোক, লেবার পার্টি
ওয়েলস-এর এ্যাবেরাভন নির্বাচনী আসনের লেবার দলের নতুন সংসদ সদস্য স্টিফেন কিনোক হচ্ছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী হেলে থর্নিং-শ্মিড্ট এর স্বামী। কিনোক পরিকল্পনা করছেন তিনি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার লন্ডনে সংসদে তার কাজ করবেন, আর সপ্তাহান্তে নির্বাচনী এলাকায় যাবেন। তাহলে তার সংসার জীবনের কী হবে? তিনি বিবিসিকে বলেন, তারা স্বামী-স্ত্রী এভাবেই জীবন কাটিয়ে অভ্যস্ত। পারিবারিক আর রাজনৈতিক জীবন এক সাথে চালানোটা কিনোকের জন্য নতুন কিছু নয়। তার বাবা নিল কিনোক ছিলেন লেবার পার্টির নেতা আর তার মা গ্লেনিস কিনোক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন।
টিউলিপ সিদ্দিক, লেবার পার্টি
শুধু স্টিফেন কিনোক-ই কোন বিখ্যাত রাজনৈতিক পরিবারের সদস্য নন। লেবার পার্টির টিউলিপ সিদ্দিক হ্যামপস্টেড এবং কিলবার্ন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। লন্ডনে জন্ম গ্রহণ করা টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং দেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের নাতনি।
তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সিদ্দিক ১৬ বছর বয়সে লেবার রাজনীতির সাথে জড়িত হন এবং চারজন সংসদ সদস্যের সাথে গবেষক, উপদেষ্টা ইত্যাদি ভূমিকায় কাজ করেন। টিউলিপ ২০১০ সাল থেকে চার বছর ক্যামডেন কাউন্সিলের সদস্য ছিলেন।
এ্যালান ম্যাক, ব্রিটেনের প্রথম চীনা বংশোদ্ভূত সংসদ সদস্য
কনজারভেটিভ দলের প্রার্থী এ্যালান ম্যাক ব্রিটিশ সংসদে প্রথম চীনা বংশোদ্ভূত সদস্য হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ম্যাক হচ্ছেন একজন প্রাক্তন কোম্পানি আইনজীবী যার বাবা-মা দক্ষিণ চীন থেকে ব্রিটেনে আসেন। তিনি দক্ষিণ ইংল্যান্ডের হাভান্ট নির্বাচনী আসনে অভিবাসন-বিরোধী, ইউরোপীয় ইউনিয়ন-বিরোধী ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির প্রার্থীকে পরাজিত করেন। এবার চীনা বংশোদ্ভূত ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। গত নির্বাচনে সাতজন অংশ নিয়ে কেউ নির্বাচিত হতে পারেননি।
যুক্তরাজ্যে সদ্যসমাপ্ত সাধারণ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি বংশোদ্ভূত প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন এমপি নির্বাচিত হয়েছেন।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, ভারতীয় বংশোদ্ভূত ৫৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ১০ জন নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত আটজন এমপি নির্বাচিত হন।
পাকিস্তানি গণমাধ্যম ও বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, পাকিস্তানি বংশোদ্ভূত ৫০ জনের বেশি নির্বাচনে প্রার্থী হন। তাদের মধ্যেও ১০ জন জয়ী হয়েছেন।
শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর অনুযায়ী, শ্রীলঙ্কান বংশোদ্ভূত চারজন প্রার্থী এই নির্বাচনে অংশ নেন যাদের মধ্যে একজন এমপি নির্বাচিত হয়েছেন। বিদেশি গণমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়নে এশিয়ান বংশোদ্ভূত প্রায় ১৫০ জন প্রার্থী অংশ নেন।