থাইল্যান্ডের জঙ্গল থেকে ৯২ বাংলাদেশি উদ্ধার

থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তবর্তী জঙ্গলে ৯২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে থাইল্যান্ডের পুলিশ। ঐ জঙ্গল থেকে থাই পুলিশ সর্বমোট ১২০ জনকে উদ্ধার করে। তাদের সবাইকে শংখলা প্রদেশের রাথাফুম পুলিশের কাছে রাখা হয়েছে। ৯২ জন বাংলাদেশিকে শনাক্ত করার জন্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সহসা সেখানে যাবেন। এদিকে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম দুই দিন ধরে শংখলা প্রদেশের সাফাও জেলা ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। গত ১ মে থাই পুলিশের দ্বারা উদ্ধার হওয়া নারায়ণগঞ্জের টোটন সাহাসহ ১৫ জন বাংলাদেশির সঙ্গে দেখা করেন রাষ্ট্রদূত। টোটন সাহা এখন স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সাধীন আছে। শনাক্তকৃত ১৫ জনকে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করছে সরকার। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের দুজন ও থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছিলেন। তারা শংখলা প্রদেশের ভাইস গভর্নর, পুলিশ কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া নাগরিকদের উদ্ধারে সহায়তা এবং পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হয়।