রেসে অংশ নিয়ে বনে হারিয়ে যাওয়ার পর জীবন বাঁচাতে নিজের বুকের দুধ নিজেই পান করেছেন নিউজিল্যান্ডের এক নারী। ওয়েলিংটন শহরের পূর্ব দিকের রিমুতাকা বনে এ ঘটনা ঘটে। সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে। এ সময় লতাপাতা দিয়ে নিজেকে ঢেকে রাত পার করেছেন তিনি।
২৯ বছর বয়সী হারিয়ে যাওয়া এই নারীর নাম সুসান ও’ব্রায়েন। রবিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ওইদিন এক্সটেরা রেসে অংশ নিয়ে রিমুতাকা বনে প্রবেশ করেছিলেন সুসান। কিন্তু দৌড়ের এক পর্যায়ে ভুল দিকে মোড় নিয়ে বনে পথ হারিয়ে ফেলেন।
নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও দৌড়ের ফিনিশিং লাইনে না পৌঁছায় তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দুই সন্তানের এই জননীকে বন থেকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে ফিরিয়ে আনা হয়।
তিনি জানান, বন থেকে ফিরে নিজ পারিবারের সঙ্গে মিলিত হয়ে আট মাস বয়সী কন্যাকে দুধ পান করান তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, মরতে যাচ্ছি বলে মনে হচ্ছিল আমার। আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াই, তাই আমি নিজেও একটু দুধ খেয়ে নিয়েছিলাম। এভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো ভেবেছিলাম।
হারিয়ে যাওয়া এ নারীর সঙ্গে দুই লিটারে একটি পানির বোতল, জেল প্যাক ও এনার্জি বার ছিল বলে জানিয়েছে রেডিও নিউ জিল্যান্ড।
বনের মধ্যে একটি গর্ত করে তাতে শুয়ে ছিলেন তিনি। উপরটা ঝরা পাতা দিয়ে ঢেকে দিয়েছিলেন। তিনি এসময় কোনো শব্দ হলেই হেল্প বলে চিৎকার দিয়ে ওঠেন।