প্রস্তাবিত যুদ্ধ বিরতির একদিন আগে সৌদি আরব সীমান্তে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সৌদি বাহিনীর তীব্র লড়াই হয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ভারী গোলা ও রকেট বিনিময় হয়। হামালায় সৌদি আরবে অবস্থানরত দু'জন বাংলাদেশি ও একজন সৌদি নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। খবর- আল জাজিরার
সৌদি আরব প্রস্তাবিত পাঁচ দিনের যুদ্ধবিরতির প্রতি হুতি বিদ্রোহীদের সম্মতির কথা জানানোর এক দিন পরই এই তীব্র লড়াইয়ের ঘটনা ঘটল। মানবিক ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে আর এক দিন বাদেই যুদ্ধ বিরতই কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিদ্রোহীদের তরফে জানানো হয়েছে সোমবার সৌদি আরবের সীমান্তবর্তী জিজান ও নাজরান শহর লক্ষ্য করে তারা মর্টার ও রকেট হামলা চালিয়েছে। সৌদি বাহিনী ইয়েমেনের সাদা ও হাজ্জাজ প্রদেশে ছোড়া দেড়শ' রকেটের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।