ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানে অবস্থান করছে। এ ব্যাপারে ভারতের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং তাকে ফিরিয়ে আনা এমন কোন কঠিন কাজ নয় বলে তিনি দাবি করেছেন।
দাউদ ইব্রাহিম সম্পর্কে নিজ মন্ত্রণালয়ের বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে রাজনাথ সিংহ সোমবার ভারতীয় পার্লামেন্টে একথা বলেন। এর আগে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী হরিভাই চৌধুরি পার্লামেন্টে জানান, দাউদ ইব্রাহিম কোথায় আছে এ ব্যাপারে সরকারের কোন ধারণা নেই। এতে কঠোর সমালোচনার মুখে পড়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার।
এর ব্যাখ্যায় ভারতীয় লোকসভায় বক্তৃতাকালে রাজনাথ জানান, দাউদ ইব্রাহিম পাকিস্তানে রয়েছে এ ব্যাপারে ভারতের কাছে গ্রহণযোগ্য তথ্য আছে। 'আমরা যদি পাকিস্তানের ওপর চাপ সৃস্টি করতে পারি অথবা তাদেরকে বোঝাতে পারি তাহলে দাউদকে ফেরত পাওয়া সম্ভব'-বলেও দাবি করেন তিনি।
রাজনাথ সিংহ আরো বলেন, তার উপস্থিতির বিষয়ে সকল তথ্যপ্রমাণ সরবরাহ করা সত্ত্বেও পাকিস্তান দাউদ ইব্রাহিমের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তবে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত এক পাও পিছু হটবে না বলে তিনি উল্লেখ করেন। সূত্র: এনডিটিভি