বুরুন্ডির প্রেসিডেন্টকে দেশে ফিরতে বাধা

 
বুরুন্ডির সেনাবাহিনী ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা দেশে ফেরত যেতে ব্যর্থ হয়েছেন। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, পিয়েরে কুরুনজিজাকে বহনকারী একটি বিমান অবতরণ করতে না পেরে, আবারো তানজানিয়ায় ফেরত চলে যায় বলে তানজানিয়ার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। এদিকে এই ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।
 
বুরুন্ডির সেনাবাহিনীর একজন অধিনায়ক বেসরকারি একটি রেডিও স্টেশন থেকে প্রেসিডেন্টকে অপসারণ করার ঘোষণা দিলে রাজধানী বুজুমবুরার রাস্তায় হাজার হাজার মানুষ উল্লাস শুরু করে। প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে তানজানিয়া সফরে যাওয়ার পর এই ঘোষণা আসে।
 
অভ্যুত্থানের ঘোষক জেনারেল গোডফ্রয়েড নিয়মবেয়ার বলেন, প্রেসিডেন্ট অসাংবিধানিকভাবে তৃতীয়বার ক্ষমতায় থাকার চেষ্টা চালানোয় তাকে পদচ্যুত করা হয়েছে। এসময় তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠনেরও ঘোষণা দেন। এরপর বিমানবন্দরসহ সমস্ত সীমান্ত বন্ধের নির্দেশ দেন ।
 
এর আগে প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নিয়ে দেশটিতে বিক্ষোভ হয়।
 
বুরুন্ডির বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আফ্রিকা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, আমেরিকা বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। যেসব খবরাখবর আসছে তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
 
দ্রুত সহিংসতা বন্ধ করে স্বাভাবিক পরিস্থিতি আনতে সব পক্ষের প্রতি আহ্বান জানান থমাস গ্রিনফিল্ড। সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান বন্ধ রাখাসহ প্রয়োজনীয়সব ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেন তিনি।