দ্বিগুণ গতিতে চলায় ফিলাডেলফিয়ায় ট্রেন লাইনচ্যুত

 
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। নির্ধারিত সীমার চেয়ে দ্বিগুণ গতিতে চলায় এই দুর্ঘটনা ঘটে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন।
 
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ঐ রেলপথে নির্ধারিত গতি ৫০ মাইল। কিন্তু ট্রেনটি ঘণ্টায় ১০৬ মাইল বেগে যাচ্ছিল। চালক জরুরি গতি নিয়ন্ত্রক দিয়ে ট্রেনের গতি কমানোর চেষ্টা করেন। কিন্তু তিনি গতি ১০২ মাইল বেগে নামাতে পেরেছিলেন। ব্ল্যাকবক্স বিশ্লেষণ করে এই গতির রেকর্ড পাওয়া গেছে।
 
বোর্ডের কর্মকর্তা রবার্ট সামওয়াল্ট সাংবাদিকদের বলেন, স্টেশনটিতে রেল কোম্পানি অ্যামট্র্যাকের ট্রেন চলাচলের জন্য নির্ধারিত গতি নিয়ন্ত্রক ব্যবস্থা যথাযথভাবে কার্যকর ছিল না। থাকলে এরকম দুর্ঘটনা ঘটত না।
 
মঙ্গলবার রাতে ওয়াশিংটন থেকে  নিউইয়র্ক যাওয়ার পথে অ্যামট্র্যাক ট্রেন ১৮৮-এর ১০টির বগি লাইনচ্যুত হয়। এতে প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজন দাঁড়ায়।