২০ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে ইউরোপীয় ইউনিয়ন

 
 
অভিবাসন সংকট নিয়ে একটি নতুন পরিকল্পনা প্রকাশ করল ইউরোপীয়ান কমিশন। এর আওতায় জাতিগত কোটার ভিত্তিতে ২০ হাজার শরণার্থীকে ইউরোপে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। খবর বিবিসির।
 
কোটার ভিত্তিতে শরণার্থী আশ্রয়ের বিষয়ে বেশ কিছু দিন ধরে বিতর্ক চলে আসছিল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) লক্ষ্য হলো—পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই বছরে ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে। আর এ জন্য খরচ পড়বে ৫০ মিলিয়ন ইউরো। কমিশন ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে এ সব শরণার্থীকে রাজনৈতিক আশ্রয় দেয়ার আহ্বান জানিয়ে আসছে। ইতালি ও গ্রিস এরই মধ্যে ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে হিমশিম খাচ্ছে। এ দিকে ইইউ আইনে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ডেনমার্ক কোটা পরিকল্পনা থেকে মুক্ত রয়েছে।
 
উত্তর আফ্রিকা, বিশেষ করে লিবিয়া থেকে আগত পাচারকৃত অভিবাসীদের নৌযানগুলো ভূমধ্যসাগরে আটক করতে নৌবাহিনীর হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করে দেখছে ইইউ।
 

সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি বলেছেন—ইইউ পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা সোমবার সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে মানব পাচারকারীদের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান চালানোর আগে নিরাপত্তা পরিষদের অনুমতির প্রয়োজন রয়েছে বলে ইইউ জানিয়েছে। এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি আসার চেষ্টায় এ পর্যন্ত ১৮ শর বেশি মানুষ প্রাণ হারিয়েছে।