পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে প্রেসিডেন্ট মামনুন হোসাইনের ছেলের গাড়ি বহরে বোমা হামলা চালিয়েছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। হামলায় তিনজন নিহত হলেও অল্পের জন্য সালমান মামনুন রক্ষা পেয়েছেন। রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয় পুলিশের কর্মকর্তা গোলাম মোস্তফা শাহ বলেন, করাচির কাছে শিল্প এলাকা দিয়ে সালমান হোসাইনের গাড়ি বহর যাচ্ছিল। এসময় রাস্তায় দাঁড়িয়ে রাখা বিস্ফোরক ভর্তি মোটরসাইকেলে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। তিনি জানান, বিস্ফোরণ ঘটার আগেই সালমান হোসাইনের গাড়ি ওই স্থান অতিক্রম করে।
তার বহরের শেষ গাড়ি এবং একটি রিক্সা এই বিস্ফোরণের কবলে পড়ে। এতে রিক্সা চালক এবং যাত্রী ১২ বছর বয়সী এক ছেলে ও এক পথচারী মারা যান। তবে তার বহরের চার নিরাপত্তা কর্মী আহত হন। পুলিশের সিনিয়র কর্মকর্তা জাহিদউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্টের ছেলে। ওই এলাকায় তার একটি ফার্ম আছে এবং তিনি সেখানে প্রায়ই যান।
বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) মুখপাত্র মিরাক বেলুচ এই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছেন, বেলুচিস্তানে সেনা অভিযান চালানোর প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।