কেনিয়ায় আল শাবাবের হামলায় 'নিহত ২৫'

 
কেনিয়ার গারিসা জেলার উত্তরাঞ্চলের একটি গ্রামে হামলা চালিয়ে ২৫ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে জঙ্গি সংগঠন আল শাবাব। ওই জেলাটিতে গত এপ্রিলে একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে আল শাবাব জঙ্গিরা ১৪৮ জন ছাত্রকে হত্যা করেছিল।
 
তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল শাবাবের এই দাবিকে অস্বীকার করেছে। টুইটেরে দেয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলায় কোন পুলিশ কর্মকর্তা মারা যাননি। যে একজন আহত হয়েছিলেন তাকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।
 
রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় গারিসা শহর থেকে ৭০ কিলোমিটার উত্তরে উম্বিস গ্রামে জঙ্গিগোষ্ঠীটির হামলায় ২৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়। তার পরদিন পেতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে একটি গাড়িতে থাকা আরো কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়। সূত্র: আল জাজিরা